
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি চললেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম থেমে থাকেনি। বরং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি সেবা অব্যাহত রেখে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবার পরিকল্পনা বিভাগ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা এবং লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাম্মেল হকের সার্বিক তত্ত্বাবধানে জেলার সব উপজেলার ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রগুলোতে ছুটিকালীন সময়েও নিয়মিত সেবা প্রদান করা হচ্ছে।
গত ১৭ মার্চ ২০২৬ থেকে ঈদের ছুটি শুরু হলেও জরুরি সেবার আওতায় গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে। প্রতিটি কেন্দ্রে এসব সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
কালীগঞ্জ উপজেলার মদাতী, গোড়ল, চলবলা, চন্দ্রপুর ও ভোটমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিয়মিত নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে। পাশাপাশি সেবাগ্রহীতাদের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবাও নিশ্চিত করা হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, “ঈদের ছুটিতেও উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র খোলা রাখা হয়েছে। রোস্টারিং পদ্ধতিতে ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারি সেবা নিশ্চিত করা হয়েছে।” তিনি আরও জানান, এ সময়ের মধ্যে মোট ১১টি প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে, ৩ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য উচ্চতর কেন্দ্রে রেফার করা হয়েছে। এছাড়া ১৭ জনকে প্রসবপূর্ব এবং ২২ জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে।
এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতা ও স্থানীয় বাসিন্দারা। উৎসবের সময়েও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ায় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয়দের মতে, এ ধরনের নিরবচ্ছিন্ন সেবা জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।