নিজস্ব প্রতিনিধি

নতুন সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা রয়েছে। তাঁরা সকলেই আমাদের সঙ্গে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।’
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গতকাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তাঁদের কাছে আমাদের বৈদেশিক নীতির রূপরেখা বলেছি। আমরা বলেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে বাংলাদেশ।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা—এসব নীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। প্রতিটি দেশের সঙ্গেই পারস্পরিক লাভবান সম্পর্ক গড়ে তুলতে চাই।’
খলিলুর রহমান বলেন, ‘আমি এ পর্যন্ত যাঁদের সঙ্গে বৈঠক করেছি—সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, তাঁরা সকলেই আমাদের প্রতি গভীর আস্থা রেখেছেন। তাঁরা সকলেই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, সেটা আমরা দেখেছি। আমরাও বলেছি, তাঁদের সঙ্গে আমরা গভীর সম্পর্ক গড়তে আগ্রহী।
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের যেসব ইস্যু আছে, সেগুলো পারস্পরিক সম্মান ও মর্যাদাপূর্ণভাবে সমাধান করতে পারব, যেন সকলের স্বার্থ ও আমাদের স্বার্থ সুরক্ষিত হয়।’