
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন।
আজ সোমবার বিকেলে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে নিজের অসন্তোষের কথা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর পদত্যাগপত্র ছড়িয়ে পড়েছে।
পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর বলেন, সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতা–কর্মীদের দলে নেওয়ার বিষয়ে দলের অবস্থান তাঁর ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন। তিনি লেখেন, ‘আমি আশা করেছিলাম বিপ্লব-পরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে, যা আমাকে মর্মাহত করেছে।’
ফিরোজ আলমগীর পদত্যাগপত্রে আরও বলেন, এনসিপি যেন আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ত্যাগকে শ্রদ্ধা জানায় এবং জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কাজ করে। তিনি উল্লেখ করেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমি এনসিপির কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। তাই পদ ও দলের সব কার্যক্রম থেকে পদত্যাগ করছি।
মুঠোফোনে সোমবার সন্ধ্যায় ফিরোজ আলমগীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি দল থেকে পদত্যাগের কথা নিশ্চিত করেছেন।
তিনি আরোও বলেন, আমি পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে দিয়েছি। পদত্যাগপত্রে কারণ উল্লেখ করেছেন।
এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বলেন, দলের জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। আমি বিষয়টি জেনেছি।