ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ২২১ আইন প্রণেতা
আন্তর্জাতিক ডেস্ক

গাজায় খাবারের জন্য হাহাকার। ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যেও উপত্যকাটির বাসিন্দাদের একমুঠো খাবারের জন্য ছুটে বেড়াতে হচ্ছে। গাজার মোট জনসংখ্যার তিন ভাগের প্রায় এক ভাগ দিনের পর দিন না খেয়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির ২২১ জন আইনপ্রণেতা।
গাজায় অনাহারে থাকা মানুষদের নিয়ে আজ শনিবার বিবৃতি দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তাতে উপত্যকাটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষের অনাহারে থাকার তথ্য তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় অপুষ্টির শিকার মানুষের সংখ্যা বাড়ছে। উপত্যকাটিতে অপুষ্টিতে ভোগা ৯০ হাজার নারী ও শিশুর জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।
গাজায় অনাহারে মারা যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। আজ উপত্যকাটির আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি শিশু। একজনের বয়স মাত্র সাত দিন। এ নিয়ে ২১ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলার সময় অনাহারে ১২০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হলো। তাদের মধ্যে শিশু ৮০ জনের বেশি।
গাজায় বর্তমানে ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে আল-জাজিরাকে জানিয়েছেন উপত্যকাটির মেডিকেল রিলিফের পরিচালক মোহাম্মদ আবু আফাশ। তিনি বলেন, ‘পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আমরা পঞ্চম পর্যায়ের দুর্ভিক্ষের মধ্যে রয়েছি। দ্রুত চিকিৎসা সরঞ্জাম না পেরে মৃত্যুর হার আরও বাড়বে। বিগত পাঁচ মাসে এখানে কোনো খাবার, পানি ও ত্রাণ সরবরাহ করা হয়নি।’
দীর্ঘ ১১ সপ্তাহ অবরোধের পর গত মে মাস থেকে গাজায় খুবই সীমিত আকারে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এ ছাড়া উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ করছে বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এই সংস্থার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত দুই মাসে এক হাজারের বেশি ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন বলে আজ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এদিকে আজও গাজায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, সবশেষ এক দিনে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো উপত্যকাটিতে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলায় আজ ভোর থেকে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় সাড়ে ৫৯ হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।