বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে)। দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এ আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
আজ সোমবার বিকেলে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার (২১-৭-২০২৫) দুপুর ১ টা ৬ মিনিটে কুর্মিটোলাস্থ বিমানবাহিনীর এ কে খন্দকার ঘাটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (এর বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এ আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। এগুলো হলো—
*মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
*সিএমএইচ বার্ন ইউনিট 01769016019
*সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
*মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132
*উপাধ্যক্ষ 01771111766
*ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।
হাসপাতালে হতাহতদের তালিকা দিল আইএসপিআর
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।
আজ বিকেল পাঁচটার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়। সে অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২; সিএমএইচ-ঢাকা: আহত ১৪, নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত নেই, নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১১, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন, এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান বিধ্বস্ত: উত্তরা আধুনিক হাসপাতালে ১২০ অগ্নিদগ্ধ, ২ জনের মৃত্যু
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা আধুনিক হাসপাতালে ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। ওই হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ বলেন, এখানে অগ্নিদগ্ধ ১২০ জন চিকিৎসা নিয়েছেন। বেশির ভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশির ভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর। দুজন মারা গেছেন। এর মধ্যে একজনের বয়স ১৫ বছর, আরেকজনের ২০ বছর। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সে ক্ষেত্রে উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর 01949043697